শ্রীরামপুরের বনেদী বাড়ির পুজো বা পুরোনো বাড়ি দুর্গাপুজো বললে অনেকেই শুধু শ্রীরামপুর রাজবাড়ির পুজোকেই ভাবেন। কিন্তু এছাড়াও শ্রীরামপুরে আরও বেশ কয়েকটি বনেদী বাড়িতে দুর্গাপুজো সাড়ম্বরে উদযাপন হয়।
২০২৬ সালে শ্রীরামপুরে ঠাকুর দেখতে যাওয়াটা প্ল্যান করেছিলাম একটু অন্যভাবে। সবাই শ্রীরামপুর যায় বারাকপুরের ধোবিঘাট হয়ে লঞ্চে করে গঙ্গা পেরিয়ে। আমরা গেলাম রাসমণী ঘাট পেরিয়ে শ্রীরামপুরের বল্লভপুরে - এখানে অবশ্য ফেরিগুলোর কোন টাইম ঠিক নেই। মোটামুটি ৩টে ফেরির জায়গায় একটা ফেরি আসে, কারণ মূলত, ধোবিঘাট বা শেওড়াফুলির থেকে অনেক কম লোক এই ফেরি সার্ভিস ব্যবহার করে।
বল্লভপুরে নেমে প্রথমেই গেলাম দে স্ট্রীটের দে বাড়িতে। ষোড়শ শতকের শুরুতে কলকাতা-সংলগ্ন দমদমার কাছে গীতী নামক গ্রামে এই বংশের আদি বাসস্থান ছিল, পরে শ্রীরামপুরের কাছে রিষিড়া গ্রামে চলে আসেন। মোটামুটি ১৭০০ এর শুরুতে এই বংশের পূর্ব-পুরুষ রামভদ্র দে ব্যবসা উপলক্ষে শ্রীরামপুরে স্থিতু হন। ১৭৪৮ সালে (বা ১৭৫০ সাল) দে পরিবারের দুর্গাপুজোর শুরু হয় রামভদ্র দে-র হাত ধরে। তবে এই পরিবারের অর্থনৈতিক সাফল্য আসে রামভদ্রের নাতি রামচন্দ্রের হাত ধরে। কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ সহ বাংলার অনেক জেলাতেই তাদের লবণের ব্যবসা সম্প্রসারিত হয়। রামচন্দ্র দে এবং তাঁর ছেলে কর্মবীর রাজকৃষ্ণ দের আমলে দে পরিবারে ব্যবসা-বাণিজ্যের প্রভূত উন্নতি হয় এবং সাথে সাথে দে বাড়িতে দুর্গাপূজার জৌলুশও বাড়তে থাকে। রামচন্দ্রের আমলেই এই প্রাসাদোপম 'দে বাড়ি' টি তৈরি হয়। পরবর্তীতে পরিবার বাড়ার সাথে সাথে এই বাড়িটিও আকারে বাড়তে থাকে। এখন পরিবারের লোকজন ছড়িয়ে পড়েছে দেশে-বিদেশে।
দে বাড়ির পুজো দালানে ঢুকলেই দেখতে পাবেন এর বিশালত্ব এবং ঠাকুর-মণ্ডপটি। ৬টি সুউচ্চ "করিন্থিয়ান" ধাঁচের স্তম্ভ এই মণ্ডপের ভার বহন করছে, এর পিছনে রোমান আর্চ বিশিষ্ট পাঁচটি খিলান সহ মন্ডপ।
শ্রীরামপুরে যখন ড্যানিশ শাসন এই পুজোতে এসেছিলেন ড্যানিশ সরকারি আধিকারিকরাও। ব্রিটিশ ধর্মপ্রচারক উইলিয়ম কেরিও পা রেখেছেন এই বাড়িতে।
আজকে দে'বাড়ির পুজো হয় পালা করে। মানে প্রতি বছর পর-পর করে এক-একজন শরিক এই পুজোর দায়িত্ব পান। তৈরি হয়েছে 'দে পরিবার শ্রীধর জীউ সেবা সমিতি' যার মাধ্যমে পরিবারের সবার থেকে বিভিন্ন রকম সাহায্য নেওয়া হয়। এই পরিবারের কুলদেবতা হলেন শ্রীধর জীউ, ফলে বৈষ্ণব মতেই হয় দে বাড়ির দুর্গাপুজো।
বহু পারিবারিক এবং বারোয়ারি পুজোর মত দে-বাড়ির খুঁটি পুজো বা কাঠামো পুজো হয় রথযাত্রার দিন। অনেক জায়গায় শাল কাঠ ব্যবহার হলেও এখানে বাঁশ দিয়ে খুঁটি বানানো হয়। এই খুঁটির কাজ হল মূল দেবীমূর্তির কাঠামোটিকে ভার বহন করা। এই খুঁটি কতটা লম্বা হবে তা নির্ধারণ করা হয় পালাদারের হাতের কনুই থেকে কবজি পর্যন্ত দৈর্ঘ্যের সাড়ে তিন গুণ পরিমাপের ভিত্তিতে। এরপরে পরিবারের সব সদস্যকে ছাপানো দুর্গাপুজোর নির্ঘণ্ট পাঠানো হয়।
মহালয়ার পর ছেলে-মেয়ে সহ দেবী দুর্গার একচালার প্রতিমাকে বসানো হয় একটি কাঠের জলচৌকির উপর। তৃতীয়া থেকে এই দালানে আঁকা শুরু হয় আলপনা যা মূলত বাড়ির মহিলারাই করে থাকেন। ষষ্ঠীর সকালে চণ্ডীমন্ত্র পাঠের মধ্য দিয়ে এই পুজোর শুরু। বিকেল দেবীর বোধন এবং মূর্তির চারদিকে ঘুরে ঘুরে পরিবারের মহিলারা দেবীর বরণ করেন। সন্ধ্যে থেকে শুরু হয় দেবী এবং তাঁর পুত্রকন্যাদের সাজানো - মূর্তির হাতে অস্ত্র তুলে দেওয়া হয় এবং গায়ে জড়ানো হয় গয়না, মাথায় দেওয়া হয় রূপোর মুকুট।
সপ্তমীর সকালে নবপত্রিকাকে নিয়ে এক নির্দিষ্ট ব্রাহ্মণ পরিবারের সদস্যকে নিয়ে পালাদার ও পরিবারের অন্যান্যরা গঙ্গার ধারে দে-ঘাটে স্নান করাতে যান। পিছনে ঢাকীরা যান ঢাক বাজাতে বাজাতে। অনেকেই একে কলাবউ বলে জানেন।
নবপত্রিকা আসলে নয়টি গাছের একসাথে পুজো। সংস্কৃত শ্লোকে বলছে: "রম্ভা কচ্চী হরিদ্রাচ জয়ন্তী বিল্ব দাড়িমৌ।/ অশোক মানকশ্চৈব ধান্যঞ্চ নবপত্রিকা।" অর্থাৎ: রম্ভা (কলা), কচু, হরিদ্রা (হলুদ), জয়ন্তী, বিল্ব (বেল), দাড়িম্ব (ডালিম), অশোক, মানকচু ও ধান। একটি সপত্র কলাগাছের সঙ্গে অপর আটটি সমূল সপত্র উদ্ভিদ একত্র করে একজোড়া বেল সহ শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে লালপেড়ে সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা দেওয়া বধূর আকার দেওয়া হয়; স্ত্রীরূপের জন্য দু’টি বেল দিয়ে করা হয় স্তনযুগল। তারপর সিঁদুর দিয়ে সপরিবার দেবীপ্রতিমার ডান দিকে গণেশের পাশে দাঁড় করিয়ে পুজো করা হয়।
এই প্রতিটি গাছ এক-একটি দুর্গার রূপকে প্রকাশ করে। কলাগাছ হল দেবী ব্রহ্মাণী, কচুগাছের অধিষ্টাত্রী দেবী কালিকা, হলুদ দেবী উমার প্রকাশ, জয়ন্তী দেবী কার্তিকীর প্রকাশ, বেলগাছের অধিষ্টাত্রী দেবী শিবা, ডালিমগাছের অধিষ্টাত্রী দেবী রক্তদন্তিকা, অশোকের অধিষ্টাত্রী দেবী শোকরহিতা, মানকচুর অধিষ্টাত্রী দেবী চামুণ্ডা, ধানগাছের অধিষ্টাত্রী দেবী লক্ষ্মী। অনেক গবেষকই মনে করেন নবপত্রিকা আসলে শস্যদেবীর পুজো, যা আসলে গ্রামবাংলার কৃষিকেন্দ্রিক অর্থনীতিকে সমর্থন করে।
এর পর হয় 'অধিবাস' - যা আসলে পূজামণ্ডপ, ঘট এবং সমস্ত মাঙ্গলিক উপাদানকে (যেমন মাটি, সুগন্ধি চন্দন, ধান, দূর্বাঘাস, দধি, ঘৃত, শঙ্খ, সোনা, রূপা, চামর, কাঁসার থালা ইত্যাদি) পবিত্র করে মহাশক্তি মা দুর্গার অধিষ্ঠানের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা। এর পরে শুরু হয় সপ্তমী পুজো। দেবীর উদ্দেশ্যে নৈবেদ্য (জলে ভেজানো কাঁচা চাল এবং ফলের কুচি দিয়ে বানানো) এবং নারকেল নাড়ু, মনোহরা, নারকেল ভাপা ইত্যাদি নিবেদন করা হয়। বিকেলে লুচি, ক্ষীর, ননী, ছানা ইত্যাদি প্রসাদ হিসেবে দেওয়া হয়। এঁদের পুজোয় দেবীকে যা কিছু খাবার নিবেদন করা হয়, সব তৈরি করা হয় বাড়িতেই, কোন রকম বাইরের বানানো খাদ্যদ্রব্য ঠাকুরকে দেওয়া হয় না।
অষ্টমীতে মূলত দুটি পুজো হয় - অষ্টমীর পুজো এবং কুমারী পুজো। অষ্টমীর পুজোর সাথে পুষ্পাঞ্জলি হয়। কুমারী পুজোয় স্থানীয় কোন ব্রাহ্মণ পরিবারের আট বয়সের কম কোন কন্যাসন্তানকে নির্বাচন করা হয়। অষ্টমীর সন্ধ্যারতির সময় ধুনো পোড়ানো হয়। এই দিন ভোগ হয় দুটি - অষ্টমীপুজোর ভোগ এবং সন্ধিপুজোর ভোগ।
সন্ধিপুজো দুর্গাপুজোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আচার। মহাষ্টমীর শেষ ২৪ মিনিট এবং মহানবমীর শুরুর ২৪ মিনিট—এই দুইয়ের সংযোগস্থলে (মোট ৪৮ মিনিট) এই বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। পুরাণমতে এই সময়েই চণ্ড ও মুণ্ড নামক দুই অসুর যখন পেছন থেকে দেবী দুর্গাকে আক্রমণ করে, তখন দেবীর তৃতীয় নয়ন উন্মীলিত হয় এবং তাঁর ভ্রূকুটি থেকে দেবী চামুণ্ডা আবির্ভূত হন। সন্ধিপুজোর সন্ধিক্ষণে দেবী চামুণ্ডা চণ্ড ও মুণ্ডের মস্তক ছেদন করেছিলেন। তাই অসুর বা অশুভ শক্তির বিনাশে সন্ধিপুজোকে এক পরম শক্তির আরাধনা হিসেবে দেখা হয়। সন্ধিপুজোর সময় ১০৮টি প্রদীপ জ্বালানো হয়, দেবীকে ১০৮টি পদ্ম নিবেদন করা হয়। সন্ধিপুজোর সময় পুরোহিতের মন্ত্রোচ্চারণ, ঢাকের বাজনা, শঙ্খধ্বনি, উলু ধ্বনি এবং অন্যান্য বাজনা মিলে এক অদ্ভুত আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয় দালান চত্বরে।
এই সন্ধিপুজোর সময়েই বলি দেওয়া হয়, তবে দে পরিবার বৈষ্ণব বলে এঁদের পুজোয় কোন রকম বলি হয় না।
নবমীতে হয় হোমযজ্ঞ। সাথে হয় 'বেড়াঞ্জলি' - এও এক অনন্য প্রথা যা বেশ কিছু বনেদী বাড়ির পুজোয় দেখা যায়। এও একরকমের পুষ্পাঞ্জলি যা কেবল মাত্র বিবাহিত দম্পতিরাই করতে পারেন। দেবীর চারদিকে ঘুরে ঘুরে বেড়াঞ্জলি দেন পরিবারে বিবাহিত দম্পতিরা। দশমীতে প্রথমে হয় দর্পণ বিসর্জন - আয়নায় দেবীমূর্তির প্রতিবিম্ব ধরে রাখা। এরপর পরিবারের কুলদেবতা শ্রীধর জীউকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তার অধিষ্ঠানগৃহে। বিকেলে দুর্গাপ্রতিমাকে নামিয়ে আনা হয় দালানে - শুরু হয় দেবীর বরণ, সিঁদুর খেলা এবং ধুনুচি নাচ। সাথে বাজতে থাকে ঢাকের বোল।
বছরকার আনন্দ ফুরিয়ে মায়ের বিদায়ের পালা, আপামর বাঙালির মন ভারাক্রান্ত হয়ে ওঠে। ঘরের মেয়ে এবার যাবে শ্বশুরবাড়ি, তাই পরম যত্নে, নয়নজলে এই বরণ। বরণের শুরুতে প্রথমে দশভুজার সিঁথি আর বাঁ হাতের শাঁখায় সিঁদুর দেওয়া হয়। এর পর পরিষ্কার দু’টি পানপাতা দিয়ে মা দুর্গার মুখ আলতো করে মুছিয়ে দেওয়ার রেওয়াজ। এ যেন চোখে জল নিয়েও মায়ের মুখ থেকে মুছে নেওয়া হচ্ছে সব ক্লান্তি। এর পর মাতৃজ্ঞানে দেবীর পায়ে ধান-দূর্বা দিয়ে প্রণাম। তারপর শুরু হয় মিষ্টিমুখ ও জলপান করানোর পালা। শুধু মা দুর্গাই নন, এর পর একই নিয়মে একে একে বরণ হয় বাকি দেবদেবী এবং তাঁদের বাহনদেরও, এমনকি মহিষাসুরকেও। এই পর্ব মিটলেই শুরু হয় সেই বহু প্রতীক্ষিত সিঁদুরখেলা।
সবশেষে বিসর্জন হয় দেবীমূর্তির কাছেই দে-ঘাটে। আগে কাঁধে করে নিয়ে যাওয়া হত, এখন ট্রলিতে চেপে দেবী যান বিসর্জনে। প্রতিমা বিসর্জনের পর পরিবারের সদস্যরা নিকটস্থ রাধাবল্লভ মন্দিরে গিয়ে পুজো দিয়ে পারিবারিক বাসভবনে ফিরে আসেন এবং সেখানে শ্রীধর জিউ-এর মন্দিরে যান; তখন পুরোহিত পবিত্র জল (শান্তির জল) ছিটিয়ে দেন। এরপর পরিবারের সদস্যরা বেলপাতার ওপর ‘শ্রী শ্রী দুর্গা সহায়’ কথাটি লেখেন।
ফেসবুকে দে-বাড়িঃ https://www.facebook.com/deybari.serampore/
শ্রীরামপুরের আরেকটি বনেদি বাড়ির পুজো হল কুণ্ডু বাড়ির পুজো। আকারে, বহরে দে-বাড়ি বা গোস্বামীদের পুজোর থেকে অনেকটাই ছোট হলেও এই পুজোর বয়স একশো একচল্লিশে পড়ল। ননীলাল ভট্টাচার্য ষ্ট্রীট-এ এই বাড়ির থাকোগোপাল কুণ্ডু ছিলেন ঘি আর আখের গুড়ের ব্যবসায়ী - বিহার ও উত্তর প্রদেশ থেকে আমদানি করে কলকাতা এবং বাংলার বাজারে বিক্রি করে ভাল উপার্জন করেছিলেন। ১৮৮৫ সাল নাগাদ কুণ্ডুবাড়িতে দুর্গাপুজো শুরু হয় থাকোগোপালের সময়েই।
প্রথমে কুণ্ডুবাড়ির দূর্গা দালান বা চণ্ডীমণ্ডপটি ছিল খড় এবং মাটির তৈরি, পরে চুনসুরকি দিয়ে বানানো হয়। পরবর্তীকালে সিমেন্ট দিয়ে কিছু কিছু পুনঃনির্মাণ করা হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটিশ সৈন্যবাহিনী এই বাড়ির দখল নেয় এবং দূর্গাদালানটি ভেঙ্গে ফেলার চেষ্টা করে। সেই মুর্হুতে একটি ভূমিকম্প হয় এবং শেষ অবধি ব্রিটিশ সৈন্যরা দূর্গাদালানটি না ভেঙ্গেই কুণ্ডুবাড়িতে থাকতে থাকে।
এরপর ১৯৪৩ থেকে ১৯৪৭ অবধি অর্থনৈতিক কারণেও কুণ্ডুবাড়িতে দূর্গাপুজা বন্ধ ছিল। যাইহোক এই সময়ে এই পরিবারের জীবন কৃষ্ণ কুণ্ডু মা দূর্গার স্বপ্নাদেশ পান - কুণ্ডু বাড়ির দূর্গাপুজো আবার শুরু হয়। বর্তমানে এই বাড়িতে লোকজন বিশেষ কেউ থাকেন না, তবে পুজোর সময় পরিবারের সবাই এসে মেতে ওঠেন উৎসবের আনন্দে।
পুরোনো রীতিনীতি মেনে এখানে একচালার দুর্গাপ্রতিমা, সাথে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক। অষ্টমীর দিন কুমারী পুজো হয়।
এর পরের গন্তব্য শ্রীরামপুর রাজবাড়ি। যদিও এই বাড়িটিকে ঠিক রাজবাড়ি বলা মুশকিল, কারণ এই বাড়ির গোস্বামীরা ছিলেন ব্যবসায়ী। যদিও এই বংশের কিশোরীলাল গোস্বামী ব্রিটিশদের থেকে রাজা উপাধি পেয়েছিলেন, সেই অর্থে গঙ্গার ধারের রাজা কিশোরীলালের বাড়িটি (যা বর্তমানে বিবেকানন্দ নিধির অধীনে)-ই রাজবাড়ি। যাই হোক এখন সবাই গোস্বামীদের এই বাড়িটিকেই রাজবাড়ি বলে থাকে এবং এখানে দুর্গাপুজো হয় এবং ভিড়ও হয় সবথেকে বেশি। তবে এই ভিড় ঠাকুর দেখার থেকে রাজবাড়িতে ফোটো তোলার জন্যই বেশি। এই নতুন বাড়িটি তৈরি করেছিলেন রঘুরাম গোস্বামী ১৮১৫ থেকে ১৮২০ এর মধ্যে।
তবে গোস্বামীদের আসল দুর্গাপুজো কিন্তু এই রাজবাড়ির পুজোটি নয়, সেটি একটু দূরে গোস্বামীদের পুরোনো বাড়িতে হয়। এই পুজোর বয়স ৪২১ (২০২৬-এ), এবং অনেকেই একে বুড়িদুর্গা বলে থাকেন। রামগোবিন্দ গোস্বামী ছিলেন এই বংশের প্রথম পুরুষ যিনি শ্রীরামপুরে বসবাস শুরু করেন, সম্ভবত তাঁর সময়েই এই পরিবারে দুর্গাপুজো শুরু হয়।
রথযাত্রার দিন দেবীর কাঠামো পুজো দিয়ে শ্রীরামপুরের গোস্বামীদের বাড়িতে পুজো শুরু হয়। বোধন হয় ষষ্ঠীতে - সেদিন ঠাকুর দালানের পাশে একটি ঘরকে শিবের বাড়ি অর্থাৎ কৈলাস পর্বত বলে সেবা করা হয় আর ঠাকুরদালান সেদিন হয়ে ওঠে দুর্গার বাপের বাড়ি। এই ঘর থেকে ঘট এনে দেবীমূর্তির পাশে রাখা হয় - অর্থাৎ মা চলে আসলেন বাপের বাড়ি। সপ্তমীর সকালে হয় 'ঘটমাল্য' - বাড়ির সবচেয়ে বয়স্ক মহিলা সদস্য ঘটের উপর মালা দিয়ে দেবীকে বরণ করেন, যেন মা মেনকা স্বাগত জানাচ্ছেন মা দুর্গাকে। এই পুজোতে চারদিনই কুমারী পুজো হয়, তবে মহানবমীর দিন এই পুজোর জৌলুশ অন্যমাত্রা নেয়।
পুজোর দশমীর দিন বাড়ির এয়োস্ত্রী-রা ইলিশ মাছ, পান্তা ভাত ও পান খেয়ে প্রতিমাকে বরণ করেন, তারপর প্রতিমা যায় বিসর্জনে।
একচালার ডাকের সাজের এই সাবেকি প্রতিমা দেখতে গোস্বামীদের আজকের প্রজন্ম তো বটেই, স্থানীয় মানুষ এবং দূরদূরান্ত থেকে মানুষজন আসেন। বাঁশের কুলোর মত চালচিত্রে ঘড়ির কাঁটার অনুসারে আঁকা থাকে বিভিন্ন দেবদেবী এবং অসুরদের - জয়া, পাঁচ দশাবতার (মৎস, কূর্ম, বরাহ, নরসিংহ, বামন), চামুণ্ডা কর্তৃক চণ্ড এবং মুণ্ড অসুর হত্যা, কৈলাসবাসী শিব,দুর্গা এবং চামুণ্ডা মিলে অসুর রক্তবীজের দমন, বাকি পাঁচ দশাবতার (পরশুরাম, রাম,কৃষ্ণ, বুদ্ধ, কল্কি) এবং সবশেষে বিজয়া।
কলকাতার মতই এখানেও দুর্গাপুজোর সাথে বসত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। এই পুজোয় সংগীতানুষ্ঠানে গান গেয়ে গেছেন অ্যান্টনি কবিয়াল, ভোলা ময়রা থেকে বাগবাজারের রূপচাঁদ পক্ষীরাও। তবে সেসব এখন আর হয় না। জৌলুশ কমেছে অনেকটাই।
এর পর আসি উকিল বাড়িতে। আসলে দাস পরিবারের অনেকেই ছিলেন পেশায় উকিল, জেলা জজ তাই লোকমুখে নাম হয়ে গেছে উকিল বাড়ি। ঠাকুর দালান এবং উঠোন সমেত এই বাড়ির বয়স ২০০ বছর না হলেও প্রায় ১৫০ বছর তো হবেই ধরে নেওয়া যায়। বেনারস থেকে আসা রাজকুমার দাস এই বাড়িটি তৈরি করেন এবং তারপর থেকে প্রায় সাত প্রজন্ম এখানেই এই বাড়িতেই থেকে গেছেন।
রথযাত্রায় কাঠামো পুজো দিয়ে শুরু হয় এঁদের দুর্গাপুজো, তারপর থেকে ঠাকুরের মূর্তি বানানো শুরু হয়।
এরপর আমরা এলাম রামমোহনের মামার বাড়িতে। চাতরায় ডি, এন, মুখার্জি রোডের এই বাড়িটিকে দেশগুরু ভট্টাচার্যের বাড়ি বলেই সবাই চেনে। তবে এই বাড়ির মেয়ে তারিণীর ছেলেই রাজা রামমোহন রায়। সেই অর্থে এই বাড়ি রামমোহনের মামার বাড়িও বটে। ছোটবেলায় বেশ কয়েকবার এসেওছেন এই বাড়িতে। তবে সেই অর্থে হুগলি জেলার সুপুত্র, বাংলার নবজাগরণের পুরোধা রামমোহন রায়ের কোন চিহ্ন তাঁর মামার বাড়িতে নেই। সাদা রং করা দেওয়াল, ছোট একটি দরজা, তার উপরে লেখা "ধ্যেয়ো নারায়ণঃ সদা" - না জানলে সেভাবে চোখেই পড়বে না এই বাড়ি। স্থানীয় মানুষজনকে 'রামমোহনের মামার বাড়ি' জিজ্ঞাসা করলে অবশ্য সবাই দেখিয়ে দেবেন।
এই বংশের পূর্বপুরুষ সুধানিধি ছিলেন গৌড়ীয় কনৌজী ব্রাহ্মণ। পরবর্তী বংশধরদের মধ্যে ব্রাহ্মণ পন্ডিত 'ছান্দড়' রাজা আদিশুরের আমন্ত্রণে রাঢ় বঙ্গে স্থিতু হন। ছান্দড়ের পুত্র শ্রীধর , রাজা আদিশুরের পুত্র রাজা ভুশুড় কর্তৃক "কাঞ্জিলাল " উপাধি তে সম্মানিত হন। এই 'ছান্দড়' কে এই বংশধারার প্রথম পুরুষ ধরা হলে, ষষ্ঠ তম পুরুষ কানু ও তাঁর ভাই কুতূহল , রাজা বল্লাল সেন কর্তৃক কৌলিন্য মর্যাদা প্রাপ্ত হন অর্থাৎ কুলীন ব্রাহ্মণ সম্মান লাভ করেন। এই বংশের বিংশতিতম পুরুষ চাতরা নিবাসী সিদ্ধপুরুষ শ্রী রামগোপাল পঞ্চাননের দুই পুত্র রামনারায়ণ বিদ্যাবাগীশ ও শ্যাম ভট্টাচার্য। এই শ্যাম ভট্টাচার্যের কন্যা তারিণী দেবীর সাথে বিবাহ হয় রাধানগরের রামকান্তের সাথে। তাঁদেরই পুত্র রামমোহন রায়।
এই পরিবারে বহু জ্ঞানী গুণী মানুষের সমাহার - বংশতালিকায় পন্ডিত, ন্যায়রত্ন, তর্কালঙ্কার, বিদ্যাবাচস্পতি, ন্যায়বাগীশ প্রভৃতি উপাধির ছড়াছড়ি। এই বাড়িতে চলত টোল - যা প্রায় বছর কুড়ি হল বন্ধ হয়েছে। এখানে একসময় হিন্দুধর্মের দীক্ষাও দেওয়া হত।
শ্রীরামপুরের অন্যতম প্রাচীন দুর্গাপুজো হয় দেশগুরু ভট্টাচার্যের বাড়িতে। পরিবারের বর্তমান সদস্যদের মতে এই এই পুজোর বয়স আনুমানিক ছয়শো বছর। তবে স্থান পরিবর্তন হয়ে এই বাড়িতে পুজো হচ্ছে গত তিনশো বছর ধরে। রথের দিন কাঠামো পুজো থেকে শুরু পুজোর। টোলের শিষ্য/ছাত্ররা এবং ভক্তরা একসময় দূরদূরান্ত মাথায় ঝুড়ি করে চাল কলা নৈবেদ্য নিয়ে আসতেন এবং তা দিয়েই পুজো হত। পুজোর সমস্ত ভোগ রান্নার দায়িত্ব থাকে পুরোহিতদের উপরে। সমস্ত রান্না হয় গঙ্গার জল দিয়ে।
ভট্টাচার্যদের জমিদারি ছিল উত্তর ২৪ পরগনার আমডাঙার আদাহাটায়। গ্রামে বিপুল সংখ্যায় মুসলিম প্রজা৷ তাঁরাই পুজোর খরচের একটা বড় অংশ বহন করতেন৷ সেখানে কিছু জমিজমা এখনও রয়েছে, রয়েছে পুকুর৷ আজও আমডাঙার মুসলিম পরিবার পঞ্চমীর মধ্যে চলে আসে চালকুমড়ো, আখ, শশা নিয়ে। এগুলিই দেবীর উদ্দেশে বলি দেওয়া হয়৷ ফের নবমীতে আসেন মাছ নিয়ে। তা দিয়ে রান্নাবান্না হয় ভট্টচার্য বাড়িতে। ধর্মের ভেদাভেদ ভুলে পুজোতে মেতে ওঠেন হিন্দু-মুসলমান সবাই।
কয়েক বছর আগে পর্যন্ত বাড়ির পুজোর দায়িত্বে ছিলেন পিনাকিপ্রসাদ ভট্টাচার্য। করোনাকালে তাঁর মৃত্যুর পর থেকে তাঁর ছেলে শুভপ্রসাদ-ই এখন পুজোর দায়িত্বে।
কালের নিয়মে বর্তমানে পুজোর জৌলুশ আগের থেকে কমলেও পুজোর যে পরম্পরা তা একই রয়ে গিয়েছে। এখনও প্রতিমা বিসর্জনের সময় সবার আগে এই ভট্টাচার্য বাড়ির ঠাকুর নিরঞ্জন হলে অন্যান্য ঠাকুরের বিসর্জন হয়। প্রতি বছর দশমীতে এই ঠাকুর বিসর্জন হলেও মূল কাঠামোর কোন পরিবর্তন হয় না।
একবার পুজোর সময় মামাবাড়ি এসেছেন শিশু রামমোহন। তখন দাদু শ্যাম ভট্টাচার্য নাকি রামমোহনের হাতে পুজোর বেলপাতা দিলে তা ঠাকুরের পায়ে না দিয়ে রামমোহন মুখে দিয়ে চিবিয়ে ফেলেন। এই দেখে রেগে মেগে শ্যাম ভট্টাচার্য বলে ওঠেন, এ ছেলে বড় হয়ে বিধর্মী হবে। তখন কেই বা জানত এ আসলে আপামর বাঙালীর কাছে আর্শীবাদ-ই ছিল - বড় হয়ে রাজা রামমোহন সতীদাহের মত পাশবিক প্রথাকে হিন্দু ধর্ম থেকে উপড়ে ফেলে মানব কল্যাণের পথিকৃৎ হবেন।
https://www.telegraphindia.com/my-kolkata/durga-puja-special/two-bhogs-on-ashtami-make-the-puja-unique-at-serampore-dey-family-home/cid/1972874
https://www.anandabazar.com/ananda-utsav/myths/the-unique-durga-puja-farewell-tradition-of-bengals-aristocratic-families-dgtl/cid/1720134
https://www.anandabazar.com/ananda-utsav/myths/bijoya-dashami-how-to-prepare-boron-dala-for-durga-boron-and-sindoor-khela-dgtl/cid/1637083

No comments:
Post a Comment